Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামেবি ভিসিকে পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ১৬:১৬

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করানোর অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন। ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করানোর অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন মেডিকেলের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকসমাজ। বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ২৫ থেকে ৩০ জনের সংঘবদ্ধ একটি দল মব তৈরি করে একজন সম্মানিত উপাচার্যের ওপর চাপ সৃষ্টি করে ও ভয়ভীতি দেখিয়ে পদত্যাগে বাধ্য করার অপচেষ্টা চালিয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্টের চক্রান্ত। তারা স্পষ্টভাবে উল্লেখ করেন, শিক্ষাঙ্গনে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও মব-সংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না।

বিজ্ঞাপন

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানান। একই সঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিরাপদ, নিরপেক্ষ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীরা।

মানববন্ধনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেকহা) ইন্টার্ন প্রতিনিধি পরিষদের সভাপতি ডা. শাহাদাত মাহমুদ তপু, সাধারণ সম্পাদক ডা. মুশফিক, সাংগঠনিক সম্পাদক ডা. জামিল আক্তার এবং নারী বিষয়ক সমন্বয়ক (মহিলা বিষয়ক সম্পাদক) ডা. রিশা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও তাদের সঙ্গে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মশিউর রহমান এবং সহকারী অধ্যাপক ডা. মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্য ইন্টার্ন ডাক্তার, মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্যরা।