দিন ও রাতের তাপমাত্রা পরবর্তন আসতে শুরু করেছে। দরোজায় করা নাড়ছে শীত। বাইকারদের জন্য শীতের রাইড যেমন রোমাঞ্চকর, তেমনই কিছু বাড়তি ঝক্কিরও। হাড়কাঁপানো ঠান্ডায় সকালে বাইক স্টার্ট না হওয়া বা কুয়াশাচ্ছন্ন পিচ্ছিল রাস্তায় বাইকের পারফরম্যান্স কমে যাওয়া খুব পরিচিত দৃশ্য। কিন্তু একটু সচেতন হলেই এই শীতের যাতায়াত হতে পারে নিশ্চিন্ত ও আরামদায়ক।
আসুন জেনে নেই, শীতের ভোগান্তি থেকে বাঁচতে এবং প্রিয় বাইকটিকে চাঙ্গা রাখতে শীত আসার আগেই কী কী যত্ন নেওয়া প্রয়োজন…
১. ব্যাটারি পরীক্ষা করে নিন
শীতকালে বাইকের সবচেয়ে বড় সমস্যা হয় ব্যাটারি নিয়ে। ঠান্ডা আবহাওয়ায় ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়, ফলে সকালে বাইক স্টার্ট নিতে চায় না। তাই শীত শুরুর আগেই ব্যাটারির ভোল্টেজ পরীক্ষা করিয়ে নিন। ব্যাটারি পুরোনো হলে বা চার্জ ঠিকমতো না থাকলে প্রয়োজনে পরিবর্তন করে নেওয়া ভালো। এছাড়া বাইক দীর্ঘদিন ফেলে না রেখে প্রতিদিন অন্তত একবার স্টার্ট দিন।
২. সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার
ঠান্ডায় ইঞ্জিন অয়েল (মবিল) ঘন হয়ে যেতে পারে, যা ইঞ্জিনের ভেতরের যন্ত্রাংশে সঞ্চালনে বাধা দেয়। তাই শীতের জন্য উপযোগী সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করুন। সম্ভব হলে ভালো মানের সেমি-সিনথেটিক বা ফুল-সিনথেটিক মবিল ব্যবহার করা ভালো, যা কম তাপমাত্রাতেও কার্যকর থাকে। আর সকালে বাইক স্টার্ট দিয়েই রাস্তায় না নেমে অন্তত এক মিনিট ইঞ্জিন চালু রেখে কিছুটা গরম হতে দিন।
৩. টায়ারের গ্রিপ ও হাওয়া চেক করুন
শীতের সকালে শিশির বা কুয়াশায় রাস্তা পিচ্ছিল থাকে। তাই টায়ারের গ্রিপ বা ট্রেড ঠিক আছে কিনা দেখে নিন; গ্রিপ কমে গেলে বাইক স্কিড বা স্লিপ করার ঝুঁকি বাড়ে। পাশাপাশি প্রস্তুতকারক কোম্পানির নির্ধারিত মাত্রায় টায়ারে হাওয়ায় চাপ বজায় রাখুন।
৪. এয়ার ফিল্টার ও স্পার্ক প্লাগ পরিষ্কার রাখুন
শীতে বাতাসে ধুলাবালি বেশি থাকার কারণে এয়ার ফিল্টার ও স্পার্ক প্লাগে দ্রুত ময়লা জমে যায়, যা বাইকের স্টার্টে সমস্যা তৈরি করে। তাই নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন, প্রয়োজনে বদলান। আর স্পার্ক প্লাগ পরিষ্কার রাখলে কম কষ্টেই বাইক চালু হয়ে যাবে।
৫. চেইন পরিষ্কার ও লুব্রিকেট করুন
শুষ্ক আবহাওয়া ও ধুলাবালির কারণে শীতে বাইকের চেইন দ্রুত শুকিয়ে যায় এবং এতে ময়লা জমতে শুরু করে। ফলে বাইক চালানোর সময় বাজে শব্দ হয় এবং চেইনের আয়ু কমে যায়। তাই নিয়মিত চেইন ওয়াশ করুন এবং ভালো মানের লুব্রিকেন্ট ব্যবহার করুন।
টিপস: মাঝরাস্তায় বাইক নিয়ে বিপদে পড়ার চেয়ে আগেভাগে প্রস্তুত থাকা অনেক ভালো। শীতের ঠিক মুখেই এই ছোটখাটো চেকআপগুলো করিয়ে নিলে রাইড উপভোগের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে!