Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিএইআরএ’র পরিদর্শন কার্যক্রম শুরু

সারাবাংলা ডেস্ক
১১ অক্টোবর ২০২৬ ১৯:১৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ২০:১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি

পাবনা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর পাওয়ার স্টার্টআপের প্রস্তুতি ও নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে পরিদর্শন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ)।

রোববার (১১ অক্টোবর) সকালে রূপপুর প্রকল্পের ট্রেনিং সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত এক সভার মাধ্যমে এই পরিদর্শন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সভায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক, এনপিসিবি-এর প্রতিনিধি, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং ভিও-সেইফটি বিশেষজ্ঞরা অংশ নেন।

পরিদর্শনের মাধ্যমে রূপপুর ইউনিট-১-এর পাওয়ার স্টার্টআপের আগে বিভিন্ন কারিগরি, অপারেশনাল, নিরাপত্তা ও প্রস্তুতিমূলক বিষয় পর্যালোচনা ও যাচাই করা হবে। সংশ্লিষ্ট সিস্টেম, ডকুমেন্টেশন, অপারেশনাল প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়নও পরিদর্শনের আওতায় থাকবে।

বিজ্ঞাপন

‘বিএইআরএ’র এই পরিদর্শন চলবে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট বিষয়গুলো মূল্যায়ন করে পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

জানা গেছে, এদিন বিকেল ৩টা ৩৪ মিনিটে রূপপুর ইউনিট-১ সফলভাবে রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জন করেছে। ক্রিটিক্যালিটি অর্জনের পর পাওয়ার বাড়ানোর পরবর্তী ধাপে যাওয়ার প্রস্তুতির ক্ষেত্রে বিএইআরএ’র এই পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

উল্লেখ্য, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকল পরীক্ষা, পরিদর্শন ও পরবর্তী কার্যক্রম অনুমোদিত পদ্ধতি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর