Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দৌলতদিয়ায় মা ইলিশ রক্ষায় নৌপুলিশের অভিযান, আটক ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৬ ১২:৩১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৪:০৯

জাল ও মাছসহ আটক জেলেরা।

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে নৌপুলিশের অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। এ সময় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।

নৌপুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মা ইলিশ শিকারের অভিযোগে সাতজনকে আটক করা হয়। অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর কোতোয়ালি থানার মো. রিপন খান (৩৫), ইকরাম মৃধা (২৪), শেখ আয়নাল (৫৭), মো. মিজান শেখ (২৭) ও সোবহান শেখ (৩০)। অন্য দুজন হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জয় সরকার (২১) ও আব্দুর রহিম শেখ (১৯)।

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, পদ্মা নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকার বন্ধ এবং প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে তিনটি মামলা করা হয়েছে। পরে তাদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর