চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে ৪টি অবৈধ সোনার বারসহ সেলিম হোসেন (৩৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক সেলিম হোসেন একই উপজেলার ধোপাখালী গ্রামের সদরপাড়ার বাবর আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে সোনা বহন কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি ছোট মাইকও জব্দ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দিকে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপির একটি টহল দল, সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামে যাত্রীছাউনির সামনে অভিযান চালিয়ে সেলিম হোসেনকে আটক করে। আটকের পর তার ভ্যানের সামনে লাগানো সাদা রঙের একটি ছোট মাইকের ব্যাটারি রাখার স্থান থেকে ৪টি অবৈধ সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার মোট ওজন ৫৪৭ দশমিক ৫১ গ্রাম। যার তালিকা মূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা।
উদ্ধার করা স্বর্ণ, ব্যাটারিচালিত ভ্যান ও ছোট মাইকসহ জব্দ করা মালামালের সর্বমোট তালিকা মূল্য ১ কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা। জব্দ করা মালামালসহ আটক সেলিম হোসেনকে জীবননগর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারী কোষাগারে জমা দেওয়া হবে বলে তিনি জানান।