ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪২১ শিশু।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪২১ শিশুর মধ্যে নিশ্চিত হামে ১৫২ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৬৯ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৬ হাজার ২৯৭ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৫৭৩। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৩ হাজার ২২৬ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৫৫ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ১৬৪ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ৬০ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।