Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইনার হুইল ক্লাব অব আরণ্য-এর আয়োজনে শিক্ষার্থীদের মানসিক সুস্থতায় মেডিটেশন

সারাবাংলা ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬ ১০:৫৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৪:৫০

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মানসিক প্রশান্তি অর্জন এবং দৈনন্দিন জীবনের চাপ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব আরণ্য গুলশান ঢাকা-এর উদ্যোগে ‘Mental Health Awareness Seminar 2026’ শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮, বাংলাদেশের চেয়ারম্যান শামীম খন্দকার। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের মেডিটেশন স্পিকার ও কাউন্সেলর মারুফ ইবনে মাহবুব।

সেমিনারে মানসিক সুস্থতা, মানসিক প্রশান্তি, আত্মসচেতনতা এবং দৈনন্দিন জীবনে মানসিক চাপ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মেডিটেশনের উপকারিতা এবং কীভাবে নিয়মিত মেডিটেশন চর্চা করা যায়, সে বিষয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করা হয়। সেশনে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি, মানসিক প্রশান্তি অর্জন এবং পড়াশোনার চাপ মোকাবিলায় মেডিটেশনের সম্ভাব্য ইতিবাচক ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি শামীম খন্দকার মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। এতে আরও বক্তব্য রাখেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ইমিডিয়েট পাস্ট চেয়ারম্যান জেসরিনা হায়দার এবং ইন্টারন্যাশনাল ইনার হুইলের ২০১৫–১৬ সালের বোর্ড ডিরেক্টর আক্তার জাহান। উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি নাসিম আনোয়ার হোসেন।

ইনার হুইল ক্লাব অব আরণ্য গুলশান ঢাকার প্রেসিডেন্ট ইসরাত জাহানের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ, গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা মনে করেন, শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং মেডিটেশনের মতো ইতিবাচক অভ্যাসের প্রসার তাদের ব্যক্তিগত বিকাশ ও সামগ্রিক সুস্থতায় সহায়ক হতে পারে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মানবকল্যাণ, জনস্বাস্থ্য সচেতনতা এবং সমাজের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর