ঢাকা: পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও বিমানবন্দর সড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উত্তরখান এলাকা থেকে একটি বিশাল মিছিল এসে সড়ক অবরোধ করে। পোশাক শ্রমিকদের দাবি, তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
শ্রমিকদের এই অবরোধের ফলে বিমানবন্দর সড়কসহ আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে। অন্যদিকে পুলিশও সড়কে অবস্থান নিয়েছে।