ঢাকা: দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) এবং তিনটি প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানি করবে সরকার।
বুধবার (১৪ অক্টোবর) ‘অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ-সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের বাইরে থাকায় তিনি ভার্চ্যুয়ালি এ বৈঠকে অংশ নেন এবং সভাপতিত্ব করেন।
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে এ-সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব উপস্থাপন করা হলে তা নীতিগত অনুমোদন দেওয়া হয়।
প্রথম প্রস্তাব অনুযায়ী, ‘চীনেরি মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি’ এবং ‘ট্রাফিগুরা পিটিই লিমিটেড’ থেকে জি-টু-জি পদ্ধতিতে এলএনজি আমদানি করা হবে। ইতোমধ্যেই কোম্পানি দুটি এ-সংক্রান্ত প্রস্তাব দাখিল করেছে।
দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী, ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’. ‘সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড’ ও ‘শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেড এফজেডই’ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানি করা হবে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রস্তাবে বলা হয়েছে।