Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ‎

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ১৮:২৪

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঢাকা: ঢাকা থেকে সৌদি আরবগামী ৮৬টি ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় সাড়ে ১৩ হাজার যাত্রীর ভোগান্তি ও অনিশ্চয়তা নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

‎বুধবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিশেষ করে চাকরি নিয়ে সৌদি আরব যাওয়ার অপেক্ষায় থাকা প্রবাসী কর্মীদের কর্মসংস্থান, ভিসা ও চাকরির সুযোগ সুরক্ষায় অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
‎
‎সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সৃষ্ট নিরাপত্তাজনিত পরিস্থিতি ও বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী ৩৬টি সরাসরি ও ৫০টি ট্রানজিটসহ মোট ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ১৩ হাজার ৪৯০ জন যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিশেষ করে রিয়াদ বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয় এবং চলমান পরিস্থিতিতে ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
‎
‎এই আকস্মিক ফ্লাইট বিপর্যয় সৌদিগামী প্রবাসী কর্মী, ব্যবসায়ী ও পবিত্র ওমরাহ পালনকারীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পারলে অনেক প্রবাসী কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন, সেই সঙ্গে ভিসা ও নিয়োগ চুক্তি নিয়েও আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। এটি কেবল যাতায়াতের সমস্যা নয়, বরং হাজারো পরিবার ও দেশের অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলবে।
‎
‎পরিস্থিতি মোকাবিলায় জামায়াত আমির পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে সৌদি কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলোর সঙ্গে জরুরি কূটনৈতিক যোগাযোগের পরামর্শ দিয়েছেন। প্রবাসীদের চাকরির সুযোগ ও ভিসার মেয়াদ রক্ষায় নিয়োগকর্তাদের সঙ্গে কথা বলে সময়সীমা বাড়ানোসহ সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। পাশাপাশি বিকল্প নিরাপদ বিমানবন্দর বা রুট ব্যবহার করে যাত্রীদের গন্তব্যে পাঠানোর সম্ভাবনা যাচাই এবং বিনা খরচে পুনঃটিকিটায়নের ব্যবস্থা করার কথা বলেন।
‎
‎জামায়াত আমির সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সৌদি আরবগামী যাত্রী ও প্রবাসী কর্মীদের নিরাপদ যাত্রা, কর্মসংস্থানের সুযোগ এবং স্বার্থ সুরক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর