ঢাকা: কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদ করতে যাচ্ছে সোনালী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। এ জন্য ব্যাংক দুটিকে নির্ধারিত সময়ে সার্ভার আপগ্রেডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার( ১৪ অক্টোবর)বাংলাদেশ ব্যাংকের জারি করা পৃথক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চিঠি অনুযায়ী, সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ডেটাবেজ সার্ভার, অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ও ডেটাবেজ ব্যবস্থাপনা সিস্টেম হালনাগাদ করা হবে। এর মাধ্যমে ব্যাংক দুটির প্রযুক্তিগত অবকাঠামো উন্নত ও সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোনালী ব্যাংকের ক্ষেত্রে ইন্টেলেক্ট সিবিএস ১০.০০ সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ ওরাকল ১১জি থেকে ওরাকল ১৯সি-তে উন্নীত করা হবে। এ জন্য ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১৭ অক্টোবর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আপগ্রেড কার্যক্রমের জন্য প্রায় দুই দিন সময় রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো কারিগরি জটিলতা দেখা দিলে ব্যাংকটির কার্যক্রম সচল রাখার ব্যবস্থা নিতে হবে। এ সময়ে গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম ও সেবা স্বাভাবিক রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সিবিএস ডেটাবেজ সার্ভার ও অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের সংস্করণ ১১জি থেকে ১২সি-তে এবং ডেটাবেজ ব্যবস্থাপনা সিস্টেম ওরাকল ১১জি থেকে ১৯সি-তে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংকটির প্রস্তাব অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত আপগ্রেড কার্যক্রম চলবে।