Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৬ ১০:৩৩

নিহত ইমদাদুল হক।

চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় নওদাবন্ডবিলে স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমদাদুল হক (২৩) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর এলাকার নওদাবন্ডবিলে এ ঘটনাটি ঘটে।

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে নাইস (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা উপজেলার পৌর এলাকার নওদাবন্ডবিলের রেজাউল হকের ছেলে। আর অভিযুক্ত নাইস পৌর এলাকার গোবিন্দপুরের মজনু রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য মতে, স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার বিষয়টি নিয়ে ইমদাদুলের সঙ্গে নাইসের আগে একাধিকবার কথা-কাটাকাটি হয়েছিল। এর জের ধরে বুধবার রাতে নাইসের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানাতে গেলে ইমদাদুলের ওপর হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নাইস স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে ইমদাদুলের সঙ্গে তার একাধিকবার বিরোধ হয়। ঘটনার সময় ইমদাদুল, নাইসের বাড়িতে যান। সেখানে নাইসের বাবা-মাকে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার বিষয়টি জানাতে চেয়েছিলেন তিনি। এ সময় নাইসের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হওয়ার একপর্যায়ে নাইস কাঠ দিয়ে ইমদাদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তাওর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী উজ্জ্বল হোসেন বলেন, বিদেশে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন ইমদাদুল। বুধবার রাত ৯টার দিকে তিনি নাইসের বাড়িতে যান। সেখানে তিনি মারাত্মক আহত হন।

এদিকে, ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে পৌর এলাকার লালব্রীজ এলাকা থেকে অভিযুক্ত নাইসকে আটক করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত নাইসকে আটক করে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর