Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মধ্যরাত থেকেই কুয়াশাচ্ছন্ন উত্তরের জনপদ, সূর্য উঠতেই উধাও!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৬ ১১:০৪

নীলফামারী: মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমেছে শিশির। হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে উত্তরের জেলা নীলফামারীতে শীতের আগমনী বার্তা। তবে কিছুক্ষণ পর সূর্যের আলো বাড়তেই ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা।

স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই প্রথম উল্লেখযোগ্য কুয়াশা। কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। ভোরে কুয়াশা ও শিশিরের উপস্থিতি শীতের আগমনী বার্তা হিসেবে দেখা দিয়েছে।

স্কুল শিক্ষার্থী সাদিক ও জিহাদ জানায়, যদি ঠান্ডা পুরোদমে শুরু হয়নি এরপরেও সকালের কুয়াশা দেখতে অনেক চমৎকার লাগছে। কুয়াশা উপভোগ করতে আমরা সকাল সকাল উঠছি অনেক ভালো লাগছে। সকাল সাড়ে ৭টা থেকে ৮ পর্যন্ত কুয়াশা থাকে এরপর সব দিক পরিস্কার হয়ে যায়।

বিজ্ঞাপন

তবে এরই মধ্যে জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আগাম আলু ও শীতকালীন সবজির আবাদ। অনেক কৃষক জমিতে আলুর বীজ রোপণও শুরু করেছেন।

আগাম আলুচাষি হামিদার রহমান বলেন, এবার ৮ বিঘা জমিতে আগাম আলু রোপণ করব। এর মধ্যে ৩ বিঘা জমিতে রোপণ করেছি। আবহাওয়া ভালো থাকলে লাভ হবে আশা করা যায় কিন্তু বৃষ্টি হলে বীজ আলু পচে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আইয়ুব আলী জানান, শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে অক্টোবরেই পুরোদমে শীত নামবে কিনা।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ মাসের ১০ তারিখে ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর