Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ভারতে প্রবেশ, বিএসএফের হাতে আটক ২ পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৬ ১১:১০

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযানের সময় ভারতে প্রবেশ করে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন বাংলাদেশের দুই পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই পুলিশ সদস্য হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। তারা ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত। তাদের দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল পর্যন্ত বিজিবির যোগাযোগ চলছিল।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক উদ্ধারের উদ্দেশ্যে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্তবর্তী এলাকায় অভিযান চালাতে যান। এ সময় নতুন কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করেন।

বিজ্ঞাপন

পরে সীমান্তের ওপারে অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক রোহিতকে আটক করেন। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে টহল দলের দায়িত্বে থাকা এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। একপর্যায়ে বিএসএফের সদস্যরা রোহিত ও ইমরানকে নিজেদের হেফাজতে নেন।

এদিকে, দুই পুলিশ সদস্য আটক হওয়ার ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রয়োজনীয় যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছেন।

আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর