Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ হাসনাত আবদুল্লাহ’র

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৬ ১৪:০৮

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

ঢাকা: ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার প্রযুক্তি পণ্য কেনাকাটায় অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একবার্তায় তিনি সরাসরি এই অনিয়মের চিত্র তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, প্রকল্পের আওতায় বিপুল অংকের ডিভাইস বা প্যাড কেনার কাজ পাইয়ে দিতে সরাসরি প্রভাব খাটানো হয়েছে এবং রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রভাবশালী মহল কাজটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে প্রকাশিত ফেসবুক স্ট্যাটাসে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই সরাসরি কেনাকাটার আয়োজন করা হয়েছিল। নৌবাহিনীর শিপইয়ার্ডকে কেবল মাধ্যম হিসেবে ব্যবহার করে কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ করে তিনি লেখেন, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে যেখানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, বাজারে নিত্যপণ্যের দামের কারণে স্বস্তি নেই এবং নতুন বিনিয়োগ পুরোপুরি থমকে আছে, ঠিক তখনই একের পর এক ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের তথ্য প্রকাশ্যে আসছে। তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, কখনো মন্ত্রীর ছেলে, কখনো স্ত্রী আবার কখনো ভাইয়ের নাম এভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়া রাষ্ট্র সংস্কারের কোনো বার্তা দেয় কি না।

প্রতিবেদনে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দিকনির্দেশনার কথা টেনে এনসিপি নেতা মন্তব্য করেন, সরকারপ্রধান যেখানে জনগণকে মাত্র ১৫০ টাকার সাধারণ দুপুরের খাবারের উদাহরণ দিয়ে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন, ঠিক তখনই প্রভাবশালী মন্ত্রীদের পরিবারকে ঘিরে হাজার কোটি টাকার সরকারি সম্পদ আত্মসাৎ ও লুটপাটের তথ্য বের হয়ে আসছে। একদিকে সাধারণ মানুষকে কৃচ্ছ্রসাধনের উপদেশ দেওয়া আর অন্যদিকে ক্ষমতার ছত্রচ্ছায়ায় রাষ্ট্রীয় অর্থ অপচয় ও অনিয়মকে প্রশ্রয় দেওয়াকে তিনি ধিক্কার জানান। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সুশাসনের যে প্রতিশ্রুতি দেশের মানুষকে দেওয়া হয়েছিল, বর্তমান পরিস্থিতি তার বিপরীত প্রতিফলন কি না তা নিয়ে দেশবাসীর মনে সংশয় তৈরি হচ্ছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর