ঢাকা: ডেঙ্গুর ভ্যাকসিন বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য হলে তা আমদানির প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধের ৮০ শতাংশই জনসচেতনতার ওপর নির্ভর করে। তবে সরকারের দায়িত্বও অস্বীকার করার সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন এবং নিয়মিত মনিটরিং করছেন। প্রধানমন্ত্রী যেকোনো সময় হাসপাতাল ও আবাসিক এলাকায় যেতে পারেন—এমন নির্দেশনার পর পরিচ্ছন্নতা কার্যক্রম ও ময়লা সংগ্রহ কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়েছে।’
অনুষ্ঠানে ডেঙ্গুবিরোধী অভিযানে আদায়কৃত অর্থ ডেঙ্গুতে মৃত ব্যক্তিদের পরিবারকে অনুদান হিসেবে দেওয়ার একটি প্রস্তাব তিনি সানন্দে গ্রহণ করেন এবং বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন বলে প্রশাসক জানান। এ ছাড়া নগরবাসীকে ময়লা ফেলার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত নিম্ন ও মধ্য আয়ের মানুষ চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। চিকিৎসার সুবিধা বাড়ানোর পাশাপাশি বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর ভ্যাকসিন আমদানির উদ্যোগ নেওয়া হবে।’
‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং বিরোধী দল হিসেবে কবি কাজী নজরুল সরকারি কলেজের বিতার্কিকেরা অংশ নেন। প্রতিযোগিতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিজয়ী হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ট্রফি ও সনদ বিতরণ করা হয়।