ফরিদপুর: ফরিদপুরে চালককে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের মধ্যে সর্বশেষ মুরাদ শেখকে গ্রেফতার করা হয় গত ১৪ অক্টোবর রাতে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় পিবিআই ফরিদপুর জেলা কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
পুলিশ সুপার জানান, ২০২২ সালের ১৬ জুলাই রাত সাড়ে ৮টার দিকে পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড থেকে ২০০ টাকা ভাড়ায় তালমা যাওয়ার কথা বলে একটি ইজিবাইক ভাড়া করে। ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় পৌঁছালে রুমালের মধ্যে চেতনানাশক দিয়ে চালক বিশ্বনাথ সরকারকে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় চক্রটি।
পরে স্থানীয় লোকজন চালক বিশ্বনাথ সরকারকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন সকালে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে রবি কুমার সরকার বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা ও ছিনতাইয়ের মামলা করেন। মামলা হওয়ার তিন মাস পর এর তদন্তভার পিবিআইয়ের কাছে আসে।
গত ১৪ অক্টোবর রাতে শহরের ফলপট্টি এলাকা থেকে মুরাদ শেখকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে পাঠানো হলে তিনি চালককে হত্যার বর্ণনা এবং ইজিবাইক ছিনতাইয়ের কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ চক্রের বাকি দুই সদস্যকে গ্রেফতারে কাজ চলছে বলেও জানান পুলিশ সুপার।
গ্রেফতার মুরাদ শেখ জেলার ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সিরাজ শেখের ছেলে। এর আগে গ্যারেজ মালিক কামাল ও ছিনতাইকারী সুমন আহমেদ নামের আরও দুই আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।