ঢাকা: শারদীয় দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটির সমন্বয়ে আজ শনিবার (১৭ অক্টোবর) খোলা রয়েছে সব সরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালত। ছুটি সমন্বয়ের লক্ষ্যে ১৭ অক্টোবরের নির্ধারিত সাপ্তাহিক ছুটি বাতিল করায় আজ স্বাভাবিক কর্মদিবসের মতো এসব প্রতিষ্ঠানে দাফতরিক কাজ চলবে।
এর আগে গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ছুটি থাকবে। এর পরিপূরক হিসেবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষ্যে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষ্যে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। তবে ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও ওইদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর ফলে পূজার টানা তিন দিনের ছুটির সঙ্গে পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে।
সরকারি অফিস ও ব্যাংক খোলা আজ
সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ১০:১২
১৭ অক্টোবর ২০২৬ ১০:১২
সারাবাংলা/এনএল/এনজে