Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ১৮:২০

ঢাকা: বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্স প্রদান ও নবায়নসংক্রান্ত বিদ্যমান বিধিবিধান এবং নির্দেশনা একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় অনুমোদিত ডিলার (এডি), মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার (এজিডি) এবং স্বর্ণ আকরিক ও ডোরে আমদানিকারকদের লাইসেন্সসংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

শ‌নিবার (১৭ অক্টোবর ) জারি করা এক সার্কুলারের মাধ্যমে বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা প্রয়োজনীয় সংশোধন ও হালনাগাদসহ একটি নথিতে সংকলন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে লাইসেন্স প্রদান ও নবায়ন থেকে শুরু করে বৈদেশিক মুদ্রার লেনদেন, স্বর্ণ আমদানি-রফতানি, অর্থ পাচার প্রতিরোধ এবং তদারকি সংক্রান্ত বিধানগুলো এক জায়গায় পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে সংশ্লিষ্ট ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য লাইসেন্সসংক্রান্ত নিয়মকানুন অনুসরণ সহজ হবে বলে মনে করছেন ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, বিভিন্ন সময়ে জারি করা আলাদা আলাদা সার্কুলার ও নির্দেশনা খুঁজে বের করার পরিবর্তে সমন্বিত নথি অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা যাবে।

সার্কুলারটি ছয়টি অংশে বিভক্ত। এতে লাইসেন্স প্রদান ও নবায়ন, বৈদেশিক মুদ্রার লেনদেন, স্বর্ণ আমদানি ও রফতানি, অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন রোধে (এএমএল/সিএফটি) পরিপালন, প্রতিবেদন দাখিল এবং লাইসেন্সধারী প্রতিষ্ঠানের ওপর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও লাইসেন্স বাতিলের ক্ষমতাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

সার্কুলার অনুযায়ী, নতুন লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হলে অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলো গ্রাহকদের পক্ষে মানি চেঞ্জার ও অনুমোদিত স্বর্ণ ডিলারের লাইসেন্সের আবেদন প্রক্রিয়াকরণ করে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে পারবে। এর ফলে আবেদন প্রক্রিয়ায় এডি ব্যাংকগুলোর ভূমিকা স্পষ্ট হবে এবং সংশ্লিষ্ট আবেদনগুলো কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর ক্ষেত্রে একটি নির্ধারিত কাঠামো অনুসরণ করা যাবে।

বৈদেশিক মুদ্রা ব্যবসার ক্ষেত্রে এডি ব্যাংক, মানি চেঞ্জার ও লিমিটেড মানি চেঞ্জার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে, অনুমোদিত স্বর্ণ ডিলার এবং স্বর্ণ আকরিক ও ডোরে আমদানিকারকদের কার্যক্রমের সঙ্গে স্বর্ণের বৈধ আমদানি ও বাণিজ্য জড়িত। এসব প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান ও নবায়নসংক্রান্ত নির্দেশনা এক নথিতে অন্তর্ভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য বিধান অনুসরণ করা সহজ হবে।

এ ছাড়া সার্কুলারে অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন রোধে পরিপালন, প্রয়োজনীয় প্রতিবেদন জমা এবং লাইসেন্সধারী প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শনের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ শুধু লাইসেন্স প্রদান বা নবায়ন নয়, লাইসেন্স পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যেসব বিধিবিধান মেনে চলতে হবে, সেসব বিষয়ও সমন্বিত নির্দেশনার আওতায় আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। এতে অন্তর্ভুক্ত বিষয়গুলোর ক্ষেত্রে আগের নির্দেশনাগুলো সংশ্লিষ্ট ক্ষেত্রে বাতিল বলে গণ্য হবে। তবে পরবর্তী সময়ে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা বা সংশোধনী জারি করবে, সেগুলোও মূল সার্কুলারের সঙ্গে মিলিয়ে পড়তে হবে।

ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আর্থিক খাতের বিভিন্ন কার্যক্রমে নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। বিশেষ করে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার মতো নিয়ন্ত্রিত খাতে লাইসেন্স প্রদান, নবায়ন, লেনদেন এবং প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে নির্দেশনা অনুসরণ গুরুত্বপূর্ণ। এ ধরনের সমন্বিত সার্কুলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রযোজ্য বিধিবিধান সম্পর্কে ধারণা পেতে সহায়তা করবে।

তাঁদের মতে, নতুন সার্কুলার বাস্তবায়নের মাধ্যমে লাইসেন্সসংক্রান্ত নির্দেশনা অনুসরণে সুবিধা তৈরি হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তদারকি ও নিয়ন্ত্রক কার্যক্রমের ক্ষেত্রেও একটি সমন্বিত নির্দেশিকা হিসেবে এটি ভূমিকা রাখতে পারে। তবে এর কার্যকারিতা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো কতটা যথাযথভাবে নির্দেশনা অনুসরণ করছে, তার ওপর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর