Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবৈধভাবে সার মজুদ, ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ২০:৩৮

সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জে অবৈধভাবে সার মজুদ করার অভিযোগে সরকার ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে প্রতিষ্ঠানটির গোডাউন থেকে ৭৫ বস্তা সার জব্দ করে তা স্থানীয় কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর (আমতলা) বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটির গোডাউনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় প্রসিকিউশন দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোডাউনে অবৈধভাবে মজুদ রাখা সারের মধ্যে ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিএপি এবং ২০ বস্তা টিএসপি সার ছিল। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮ (২) ধারা লঙ্ঘনের দায়ে ব্যবসাপ্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পরে উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থিতিতে জব্দ করা সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।

স্থানীয় বাসিন্দা রেজাউল জানান, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সারগুলো মজুদ করা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা সার পাওয়া যায়। এ ঘটনায় জরিমানা করা হয়েছে এবং জব্দ করা সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর