ত্রিদেশীয় সিরিজ দিয়েই বাংলাদেশ ওয়ানডে দলের পূর্নমেয়াদে অধিনায়কত্বের যাত্রা শুরু হওয়ার কথা ছিল লিটন দাসের। কিন্তু ইনজুরির কারণে সিরিজটাই খেলা হচ্ছে না। আজ সিরিজের প্রথম ম্যাচের আগে জানা গেল ডান হিপ জয়েন্টে চোট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই চোটে ত্রিদেশীয় পুরো সিরিজটা থেকেই ছিটকে গেছেন লিটন। তার বদলে টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমনকে দলে ডেকেছে বাংলাদেশ।
শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিটনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডান হিপ জয়েন্টে অস্বস্তি অনুভব করায় শুক্রবার তাঁর এমআরআই করানো হয়। পরীক্ষায় চোট ধরা পড়ার পর শনিবার ফিটনেস পরীক্ষায়ও উত্তীর্ণ হতে পারেননি তিনি। ফলে সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলা হচ্ছে না এই উইকেটকিপার-ব্যাটারের।
লিটনের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে আজ নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। সিরিজের বাকি ম্যাচেও নেতৃত্ব দেওয়ার কথা হৃদয়ের। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিরিজের ফাইনাল ২৩ অক্টোবর।
বাংলাদেশ দল: তাওহিদ হৃদয় , পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম।