Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিম্বাবুয়ের বিপক্ষে বিধ্বস্ত বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৬ ০৭:৪৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ০৯:৪৭

তানজিদ হাসান তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। কিন্তু তানজিদ ফিরতেই বদলে গেল ম্যাচের চিত্র। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে জিম্বাবুয়ের বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ। আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

শনিবার জিম্বাবুয়ের ২৭১ রানের জবাবে ৪০.১ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৩৮ বলে ৪৬ রান করে তানজিদই দলের সর্বোচ্চ স্কোরার। জিম্বাবুয়ের হয়ে ব্র্যাড ইভান্স ৪৫ রানে নেন ৪ উইকেট। ওয়েলিংটন মাসাকাদজা ও সিকান্দার রাজাও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে বাংলাদেশের রান তোলার গতি থামান।

বিজ্ঞাপন

২৭২ রানের লক্ষ্য তাড়ায় সৌম্য সরকার ও তানজিদের শুরুটা ছিল দারুণ। সৌম্য অবশ্য স্বাচ্ছন্দে খেলতে পারেননি। তবে তানজিদ তামিম তার দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন এই ম্যাচেও। আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথম উইকেটে ৪৭ রান যোগ করেন দুজন। সপ্তম ওভারে ১৭ বলে ৯ রান করা সৌম্য স্লিপে ক্যাচ দিয়ে ফিরলে শুরু হয় ধস। এরপর আর জুটি গড়ে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

৯ চার ও এক ছক্কায় ৪৬ রান করা তানজিদও বেশিক্ষণ টেকেননি। নাজমুল হোসেন শান্ত ব্র্যাড ইভান্সের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। পরে অধিনায়ক হৃদয়, সাইফ হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকতও উইকেটে থিতু হতে পারেননি।

হৃদয় ২১ বলে ১৩ এবং মোসাদ্দেক করেন ১৮ বলে ১১ রান। দুজনই ব্যাকফুটে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন। মাসাকাদজা ফেরান হৃদয় ও সাইফকে। সাইফ কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন। একের পর এক উইকেট হারিয়ে ৪৭ রানে বিনা উইকেটে থাকা বাংলাদেশ ১২৯ রানে হারায় আট ব্যাটারকে।

নুরুল হাসান সোহানও বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে নিচের সারির ব্যাটারদের কিছু প্রতিরোধে ব্যবধান কমলেও ম্যাচে ফেরার মতো রান তুলতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের তোপে বিপাকে পড়েছিল জিম্বাবুয়ে। মাত্র ২৪ রানে তিন উইকেট হারায় তারা। ব্রায়ান বেনেট, বেন কারান ও তাফাদজোয়া সিগাকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তাসকিন।

সেখান থেকে দলকে টেনে তোলেন ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিন। চতুর্থ উইকেটে ১৫০ রানের জুটি গড়েন দুজন। টেইলর ১০১ বলে ৮১ এবং আরভিন ১০৬ বলে ৯৩ রান করেন। টেইলরকে ফিরিয়ে জুটি ভাঙেন সাইফ হাসান, পরে সিকান্দার রাজাকেও আউট করেন তিনি। আরভিনের ইনিংস থামান শরিফুল ইসলাম। শেষ দিকে নিউম্যান নিয়ামুরি ও ওয়েলিংটন মাসাকাদজার ২১ রানের দুটি ইনিংসে ৮ উইকেটে ২৭১ রান পায় জিম্বাবুয়ে।

এই হারে সিরিজের ফাইনালে ওঠার পথে বেশ পিছিয়ে পড়ল বাংলাদেশ। দুদিন পর সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর