ঢাকা: বয়লার ও বয়লারের বিভিন্ন যন্ত্রাংশ আমদানির আগে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন গ্রহণের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এ বিষয়ে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে অবহিত করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, শিল্প মন্ত্রণালয়ের বিসিবি ও বয়লার শাখা গত ৭ অক্টোবর এ বিষয়ে একটি চিঠি জারি করেছে। ওই চিঠি অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বয়লার দুর্ঘটনা হ্রাস, বয়লার ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, মানসম্মত বয়লার নির্মাণ, আমদানি ও স্থাপনে নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বয়লার আইন, ২০২২ ও বয়লার বিধিমালা, ২০২৫ প্রণয়ন করা হয়েছে।
বয়লার বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮(ক) অনুযায়ী, বয়লার ও বয়লারের যন্ত্রাংশ আমদানির আগে প্রধান বয়লার পরিদর্শকের পূর্বানুমোদন গ্রহণের বিধান রয়েছে। তবে বয়লার আমদানি প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এ পূর্বানুমোদন গ্রহণের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ অবস্থায় বয়লার ও বয়লারের যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটি বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে। এতে সংশ্লিষ্ট সব পক্ষকে বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।