Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিভিতে মিথ্যা তথ্য: সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট ‎

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৬ ১৭:৫৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ১৭:৫৯

ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎রোববার (১৮ অক্টোবর) সংস্থাটির এক ব্রিফিংয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।
‎
‎দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সময় জমা দেওয়া সিভিতে সায়মা ওয়াজেদ পুতুল নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ‘অনারারি স্পেশালিস্ট বা এক্সপার্ট’ হিসেবে কাজ করার তথ্য উল্লেখ করেছিলেন। তবে দুদকের দীর্ঘ তদন্তে ওই তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি এবং তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে।
‎
‎তদন্তে উল্লেখ করা হয়, ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার এবং সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে পুতুল এসব অসত্য তথ্য সিভিতে ব্যবহার করে আন্তর্জাতিক সংস্থাটিতে নিয়োগের সুযোগ তৈরি করেন। নিয়োগপ্রক্রিয়ার সময় তথ্যের সঠিকতা যাচাই-বাছাই না করে প্রভাব খাটানোর অভিযোগও আনা হয়েছে। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তথ্য যাচাইয়ের সুযোগ না দিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের স্থায়ী মিশন ও জাতিসংঘের কার্যালয় হয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচওর সদর দফতরে এসব নথিপত্র পাঠানো হয়, যার ওপর ভিত্তি করেই তিনি ওই পদে বহাল হন।
‎
‎সিভিতে অসত্য তথ্য দেওয়া এবং স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালের ২০ মার্চ দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করা হয়েছিল। তদন্ত শেষে অবশেষে আদালত বিচারিক কার্যক্রম শুরু করার জন্য চার্জশিট দাখিলের চূড়ান্ত অনুমোদন দিল দুদক।
‎
‎
‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর