রাজবাড়ী: রাজবাড়ীতে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাজবাড়ী রেলস্টেশনে অভিযান চালিয়ে সুন্দরবন এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা গ্রামের কামাল মোল্লার ছেলে বাদশা মোল্লা (১৯), মধ্যপাড়া হাসেমদিয়া গ্রামের কালু মাতুব্বরের ছেলে নাঈম মাতুব্বর (২৩), গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের রথখোলা এলাকার মোমরাজ উদ্দিন আহমেদের ছেলে নাদিম আহম্মেদ (৩৪), ঢাকার কেরানীগঞ্জ থানার চর সোনাকান্দা এলাকার রব মিয়ার ছেলে মো. সাইদুল ইসলাম (৪০) এবং ফরিদপুর কোতোয়ালি থানার মহারাজপুর দরানীপাড়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে সুমন খান (২৫)।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বিনা টিকিটে রেল ভ্রমণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রেলওয়ে আইনের ১১৩ ধারায় রাজবাড়ী রেলওয়ে থানার নন-প্রসিকিউশন মামলা নম্বর ৩৫ দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।