ঢাকা: ফেব্রুয়ারির পরিবর্তে প্রায় তিন সপ্তাহ এগিয়ে আগামী বছর অমর একুশে বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি। মাসব্যাপী এ মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মেলা এগিয়ে আনার তারিখ ঘোষণা করেছে। তবে কী কারণে মেলা এগিয়ে আনা হচ্ছে তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
চলতি বছর মেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১ ফেব্রুয়ারির পরিবর্তে মেলা পেছানো হয়েছিল।
আগামী বছর মেলা এগিয়ে আনার এ সিদ্ধান্ত হয়েছে গত ১৩ অক্টোবর। বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভা সভাকক্ষে একুশে বইমেলা আয়োজকবিষয়ক সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়।
এতে প্রশাসক ও তাদের প্রতিনিধিদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন বলে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।