Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বোমাতঙ্ক ও বিদায়ের বিষাদে শেষ হলো লালন সাঁইয়ের সাধুসঙ্গ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৬ ১৫:৫৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ ১৬:১৯

সাধু-ভক্তরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

কুষ্টিয়া: একদিকে বোমাতঙ্ক, অন্যদিকে বিদায়ের বিষাদ, এমন পরিস্থিতির মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শেষ হয়েছে মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে আয়োজিত সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান ,আলোচনাসভা ও গ্রামীণ মেলা চলবে আজ সোমবার (১৯ অক্টোবর) গভীর রাত পর্যন্ত।

গত শনিবার (১৭ অক্টোবর) অধিবাস সেবার মধ্য দিয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী স্মরণোৎসবের সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শেষ হয় গতকাল রোববার (১৮ অক্টোবর) দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে। পূর্ণ সেবা শেষ হবার পর অনেক সাধু নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন।

তবে আজ সোমবার আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে টাইম বোমা উদ্ধারের ঘটনায় সাধু-বাউল ও ভক্ত-অনুরাগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরেজমিনে দেখা যায়, অনেক সাধু তড়িঘড়ি করে মাজার প্রাঙ্গণ ত্যাগ করছেন।

বিজ্ঞাপন

বোমা প্রসঙ্গে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে লালন আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে একটি সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি পরীক্ষা করে টাইম বোমা ও ২ বোতল পেট্রোল উদ্ধার করে। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সোমবার সকালে পুলিশের বিশেষায়িত এসআরইউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে।

ঘটনার পর সাধু-বাউল ও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। আখড়াবাড়িতে আগত অনেকেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বলেন, এমন ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এদিকে বোমা আতঙ্কের মধ্যেও থেমে থাকেনি লালন সাঁইয়ের সাধনা ও মরমি গানের আয়োজন। সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শেষ হলেও, আখড়াবাড়ির মূল মঞ্চে লালনসংগীতের আসর এবং আখড়াবাড়িসংলগ্ন কালী নদীর তীরে বসা গ্রামীণ মেলা আজ সোমবার গভীর রাত পর্যন্ত চলার কথা রয়েছে। উৎসবকে ঘিরে মেলা প্রাঙ্গণে এখনো দর্শনার্থীদের উপস্থিতি রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি বারিয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আখড়াবাড়ি থেকে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ১৩৬ বছর আগে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় দেহত্যাগ করেন ফকির লালন সাঁই। তার মানবতাবাদী ও অসাম্প্রদায়িক দর্শন আজও সাধু-ফকির ও অনুসারীদের অনুপ্রেরণা জোগায়। বোমাতঙ্ক ও বিদায়ের বিষাদ ছাপিয়ে লালনের সেই মানবতার বাণীই আবারও উচ্চারিত হচ্ছে আখড়াবাড়িতে। সাধু-বাউলদের প্রত্যাশা, নিরাপদ থাকবে সাঁইজির ধাম, নির্বিঘ্নে চলবে সাধনা ও মরমি গানের চর্চা।

সারাবাংলা/এএ