রংপুর: শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে এরই মধ্যে রংপুর নগরীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে নগরীর সৌন্দর্য বর্ধন, ফুটপাত দখলমুক্তকরণ ও ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে সফরকে সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরীর মূল সড়কগুলোতে চলছে দিন-রাত সংস্কার কাজ। বিশেষ করে ডিসির মোড় থেকে চেকপোস্ট পর্যন্ত রাস্তার সংস্কার কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হয়েছে। সিটি করপোরেশনের উদ্যোগে রোড ডিভাইডারগুলো ধোয়া-মোছা ও রং করার পাশাপাশি সেখানে ছোট ছোট ফুলের গাছ লাগানো হচ্ছে। এরই মধ্যে নগরীর প্রধান সড়কগুলোর ফুটপাত দখলমুক্ত করে পরিচ্ছন্ন করা হয়েছে। নগরীর বিলবোর্ডগুলোতে সিটি করপোরেশন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং স্থানীয় বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিশাল ব্যানার শোভা পাচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই), পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরের নির্ধারিত স্থানগুলো পরিদর্শন করেছেন। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে চূড়ান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলাবিষয়ক সভাও অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে সামরিক বিমানযোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে বেলা ১১টার দিকে রংপুর নগরীর ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) পরিদর্শন করবেন। সেখানে তিনি সনাতন সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন। পরে তিনি সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহী ও চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন।
উল্লেখ্য, সম্প্রতি রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ছাড়াও সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষের মধ্যে সফরকে ঘিরে ব্যাপক আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। এদিকে গানে গানে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর স্থানীয় শাখা।