ঢাকা: সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সম্মতি দিয়েছে সরকার। এ বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকটির পরিচালনা পর্ষদকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খানের সঙ্গে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
এতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা জিন্নাত শিরিন সই করা চিঠিটি সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
তবে চিঠিতে শওকত আলী খানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের কারণ উল্লেখ করা হয়নি।