টাঙ্গাইল: জেলার কালিহাতীতে যাত্রীবাহীবাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ ২ জন নিহত হয়েছেন। এতে আরো ৩ জন আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের সামনে থাকা সুপারভাইজার এবং অজ্ঞাত এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অন্তত ৩ জন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’