Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রস্তুত ঐতিহাসিক মাদ্রাসা ময়দান, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৬ ১৫:২৭

রাজশাহী: রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় পাট ও আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ এবং জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

এরই মধ্যে ঐতিহাসিক এই ময়দানে হাজার হাজার মানুষ উপস্থিত হতে শুরু করেছেন। মহানগরীর রাস্তাঘাট জনসমুদ্রে রূপ নিয়েছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা বলয়ে ঘিরে রেখেছে পুরো নগরীকে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ বেলা সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে সরাসরি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এসে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

আজকের এই দিনে তিনি রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। রাজশাহী কর্মসূচি শেষে বিকেল ৪টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন।

সারাবাংলা/এএ