খুলনা: খুলনার তেরখাদায় এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে পুলিশ তিন যুবককে আটক করেছে।
সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার মধুপুর শ্যামনগরের পুরোনো প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), একই গ্রামের মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) ও আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী ওই নারী খুলনা নদী পার হয়ে দিঘলিয়া যাওয়ার জন্য তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাটে অপেক্ষা করছিল। এ সময়ে জেলেরা তাকে নদী পার করে দেওয়ার কথা বললে সে নৌকায় ওঠে। জেলেরা নৌকা দিঘলিয়ার দিকে না নিয়ে উপজেলার মধুপুর শ্যামনগর পুরোনো প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’