চাঁপাইনবাবগঞ্জ: জেলার ভোলাহাটে সড়কের পাশের একটি হলুদের খেত থেকে আব্দুল আওয়াল (ব্যবসায়ী) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার হলদেগাছি এলাকায় ভোলাহাট-রহনপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আওয়াল ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত আলা উদ্দীনের ছেলে। তিনি বিভিন্ন কৃষিপণ্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।