সিলেট: নগরীতে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার ঘটনায় জালালাবাদ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উদয়ন ফারুক-কে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্বাক্ষরিত এক আদেশে তাকে মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব।
এদিকে এই ঘটনার তদন্ত করে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি)। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জালালাবাদ থানার এএসআই (নি:) উদয়ন ফারুক।
এ সময় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পূজামণ্ডপে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন তিনি। তার গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাকে ক্লোজড করে থানা থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) সাইফুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’