খুলনা: জেলার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারমাইল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে এবং মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ক্রাউন সিমেন্ট কোম্পানির ট্রাকচালক মুন্সীগঞ্জের মোক্তারপুর গ্রামের জিন্নাত মিয়া (৩৫), বাসযাত্রী সাতক্ষীরার পারুলিয়ার দীন মোহাম্মদের ছেলে রফিউর রহমান রউফ (২৬), ডুমুরিয়ার নরনিয়া গ্রামের আব্দুর রউফ গাজী (৪৩) ও ইউনুস সরদার (২৫)।
পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে সিমেন্ট খালাস করে ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি ট্রাক খুলনায় ফিরছিল। এ সময় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে এবং বাসটি পাশের পানিভর্তি খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনায় ট্রাকচালক জিন্নাত মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর একজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। একইসাথে এ দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছে।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে কর্মচারী ইউনুসকে সঙ্গে নিয়ে মাছচাষিদের বকেয়া টাকা পরিশোধ করতে চুকনগর বাজারে যান মাছের আড়তদার রউফ গাজী। কাজ শেষে রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আঠারমাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজন সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এএসআই সাইফুল ইসলাম পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।