Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ট্রফি জয়ের কথা মুখে আছে কিন্তু কাজে নেই’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৬ ১২:৩২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ১২:৩৪

একটি ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেটে হাহাকার। ট্রফি জিততে চায় দল, সেই লক্ষ্য ঠিক করে এগুচ্ছে বছরের পর বছর ধরে কিন্তু ট্রফির দেখা নেই! জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয় বললেন, ট্রফি জয়ের কথা শুধু মুখেই আছে কাজে নেই। সেই কারণেই ট্রফির দেখা নেই। দেশের বাইরে ব্যাটিংয়ের দুর্বলতা কাটিয়ে ওঠার পাশাপাশি ভিন্ন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা আগে দরকার দলের।

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা দুই হারে ফাইনালের আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। যে দুটি ম্যাচ হেরেছে বাংলাদেশ দুটি ম্যাচেই দলের কাছে জয়ের প্রত্যাশা ছিল। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর বুধবার শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে দল। আগে ব্যাট করে ১৬০ রানে গুটিয়ে যাওয়ার পর ৩৫.৩ ওভারেই লক্ষ্য পেরিয়ে যায় আফগানরা।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বড় টুর্নামেন্টে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান নিয়ে প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘যখনই আমরা বড় কোনো সিরিজ, ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ খেলতে যাই, ব্যক্তিগতভাবে এবং দল হিসেবে সবাই ট্রফি জিততে চাই। এই ক্ষুধাটা সবার মধ্যেই আছে। কিন্তু আমরা শুধু মুখেই বলি, আমাদের কাজে সেটার প্রতিফলন দেখা যায় না।’

এবারের সিরিজে বাংলাদেশের ব্যর্থতার কেন্দ্রে ছিল ব্যাটিং। দুই ম্যাচেই বড় সংগ্রহ গড়তে পারেনি দল। বিষয়টি স্বীকার করে হৃদয় বলেন, ‘আমি নির্দিষ্ট কোনো জায়গার দিকে আঙুল তুলতে চাই না। তবে পরিষ্কারভাবে বলতে গেলে, সমস্যা আমাদের ব্যাটসম্যানদের। শেষ দুই ম্যাচে আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। আর সে কারণেই পুরো দলকে ভুগতে হয়েছে।’

তবে দুই ম্যাচের ফল দিয়ে পুরো দলকে বিচার করতে রাজি নন অধিনায়ক। ত্রিদেশীয় সিরিজের আগে নিজেদের সর্বশেষ পাঁচটি ওয়ানডে সিরিজের চারটিতে জিতেছিল বাংলাদেশ। তবে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পেলেও বিদেশের মাটিতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দল। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরেও হারতে হয়েছিল বাংলাদেশকে।

হৃদয়ের ভাষায়, ‘এক-দুটি ম্যাচ বা সিরিজের ভিত্তিতে দলের কী হয়েছে, সেটা বলতে চাই না। দল ভালো অবস্থাতেই আছে। তবে আমি আগেও বলেছি, সাম্প্রতিক সময়ে দেশের বাইরে আমাদের ব্যাটিং খুবই খারাপ হয়েছে, সেটা স্পষ্ট। দেশে যখন খেলেছি, আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। কিন্তু দেশের বাইরে যেসব জায়গায় আমরা সমস্যায় পড়ছি, সেগুলোতে অবশ্যই উন্নতি করতে হবে।’

বিজ্ঞাপন

আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ
২২ অক্টোবর ২০২৬ ১২:২২

আরো

সম্পর্কিত খবর