অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত বাংলাদেশি স্পিনার আলিস আল ইসলাম। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে গতকাল আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নামেন আলিস। ম্যাচে ৮.৩ ওভার বোলিং করে ৪৭ রানে উইকেটশূন্য ছিলেন। ম্যাচ শেষে তার বোলিং অ্যাকশন নিয়ে আনুষ্ঠানিক প্রশ্ন তোলেন ম্যাচ অফিসিয়ালরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, শারজাহতে বুধবার অনুষ্ঠিত ওই ম্যাচ শেষে ম্যাচ অফিশিয়ালরা তাদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত নিয়ম অনুযায়ী, এখন আইসিসির অনুমোদিত একটি টেস্টিং সেন্টারে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে আলিসকে। সেই পরীক্ষা শেষে বৈধ অ্যাকশনের সার্টিফিকেট পেলে তবেই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি পাবেন তিনি। আর অ্যাকশন বৈধ প্রমাণ না হলে পুনরায় অ্যাকশন বৈধ করার প্রচেষ্টায় লেগে পড়তে হবে।
এর আগে ঘরোয়া ক্রিকেটে একাধিকবার আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। অ্যাকশন শুধরে আবার পারফর্ম করে ফিরেছেন জাতীয় দলে। এর আগে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে আলিসের। গতকাল খেলতে নেমেছিলেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে। সেখানেই অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল ২৯ বছর বয়সী স্পিনারের।