Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবির সেই চেসি ত্রিপুরা

রাবি করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৬ ০৮:৫৮

রাবি: পূজার দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১১টায় চেসি ত্রিপুরার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম।

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থী চেসি ত্রিপুরা আজ রাত ১১টা ৭ মিনিটের সময় আমার ছেড়ে চলে গেছেন। তার মৃত্যুর বিষয়টি ডাক্তার আমাদেরকে নিশ্চিত করেছেন।’

চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায় অবস্থিত।

বিজ্ঞাপন

এর আগে, গত সোমবার (১৯ অক্টোবর) চেসি তার এক বান্ধবীর বাসায় পূজার দাওয়াত খেয়ে সিএনজিতে করে ক্যাম্পাসে ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক সিএনজিতে ধাক্কা দিয়ে চলে যায়। এতে চেসি গুরুতর আহত হন, পরবর্তীতে তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়।

এদিকে চেসি ত্রিপুরার অকাল মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। রবিউল আলম নামে তার এক সহপাঠী লিখেছেন, ‘বোন আমার আর কোনো দিন দেখা হবে না। এক করিডোর এ হাঁটা হবে না। ল্যাব এ কাজ করা হবেনা। পাহাড়ি খাবার খাওয়া হবে না। ভালো থাকিস ওপারে বোন আমার।’

 

সারাবাংলা/এনএমই/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর