চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ৭৮৬ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১১১ জন, আগের মামলায় ৫৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৩ জন, পরোয়ানাভুক্ত ৯২ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ১৪ জন রয়েছেন।
এ ছাড়া মাদক মামলায় ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাদক বহনকারী ও ২৬ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ২৯টি মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ফেনীতে ১৩ জন, চট্টগ্রামে তিনজন, কুমিল্লায় দুইজন, নোয়াখালীতে দুইজন এবং লক্ষ্মীপুর, রাঙামাটি ও খাগড়াছড়িতে একজন করে রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৭৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৭৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৯৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৭৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৯৫ জন, লক্ষ্মীপুরে ৬৩ জন, নোয়াখালীতে ৫৪ জন, চাঁদপুরে ৩৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ জন, খাগড়াছড়িতে ১৫ জন, কক্সবাজারে নয়জন এবং রাঙামাটিতে একজনকে আটক করা হয়েছে।