রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় চৌধুরী অ্যাগ্রো টেকের প্রস্তাবিত ১ দশমিক ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শন করেছে চীনের একটি প্রতিনিধিদল।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে চীনের শীর্ষস্থানীয় সোলার প্যানেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্লুসান সোলারের জেনারেল ম্যানেজার মিসেস পুফের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলটি প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করে।
এ সময় প্রতিনিধিদলকে স্বাগত জানান চৌধুরী অ্যাগ্রো টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ফারহাদ চৌধুরী।
পরে প্রতিনিধিদলটি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী এলাকায় প্রস্তাবিত প্রকল্পের জন্য নির্ধারিত ৩ দশমিক ৫ একর জমি ঘুরে দেখে।
পরিদর্শনকালে উভয় পক্ষের মধ্যে চীনে উৎপাদিত সোলার পিভি প্যানেল স্থানীয় বাজারে সরবরাহ এবং সরকারের নেট মিটারিং নীতিমালার আওতায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কাছে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের বিষয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে সেখানে একটি বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।