নওগাঁ: নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল জলিল (৫০)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারে উপজেলার কালিকাপুর ইউনিয়নে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসছেন বলে কয়েকজন ফাঁকা মাঠে মাইকিং করেন। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইকে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছেন। প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।
মান্দা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসলে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার দুইজন আমাদের কাছে এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।’