রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর নুর আলম (৮) নামে সেই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নুর আলম শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় দৌলতদিয়ার ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকায় সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, থানা-পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহত নুর আলম দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়া এলাকার রেজাউল ফকিরের ছেলে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আরিচা ইউনিটের টিম লিডার জাহিদুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারে সাত সদস্যের ডুবুরি দল কাজ করেছে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।