Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা: ৯ গরুসহ ৩৪ মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৬ ১৬:২৫

ঢাকা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের করোটিয়ার খুদিরামপুর এলাকায় গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরুসহ পিকআপ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় মিজান (৫০) নামে ৩৪ মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেছেন।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসীরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে টাঙ্গাইল সদর থানার করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকাগামী মহাসড়কে একটি সাদা মাইক্রোবাস নিয়ে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল গরুবাহী পিকআপটির গতিরোধ করে। পিকআপটিতে ৯টি গরু ছিল।

বিজ্ঞাপন

ডাকাত দলের সদস্যরা পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেন। বাকি একজনকে নামানোর জন্য ধস্তাধস্তি করছিলেন তারা। এ সময় মহাসড়কে টহলরত মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে গ্রেফতার করে পুলিশ। অন্যরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করে জব্দ করা হয়। পলাতক ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার মিজান একজন চিহ্নিত অপরাধী। দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে তাঁর বিরুদ্ধে মোট ৩৪টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর