Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিটনসহ ৩৪ জনের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ১৯:২১

– ছবি : প্রতীকী ও সংগহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে দুজনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক বিবেচনায় তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের এ আদেশ দেওয়া হয়। একই সঙ্গে মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

বিজ্ঞাপন

শুনানিতে প্রসিকিউটর মঈনুল করিম ট্রাইব্যুনালকে জানান, এ মামলায় মোট আসামি ৩৮ জন। তাঁদের মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন। বাকি ৩৪ জনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গত ১ অক্টোবর দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত। মঙ্গলবার তাঁদের হাজিরার দিন ধার্য থাকলেও কেউ আত্মসমর্পণ করেননি।

এ অবস্থায় পলাতক বিবেচনায় ৩৪ আসামির পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। পাশাপাশি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময় চাওয়া হয়। পরে রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল আইনজীবী নিয়োগের আদেশ দেন এবং অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

এদিন মামলায় গ্রেপ্তার চার আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক।

খায়রুজ্জামান লিটন ছাড়া পলাতক হিসেবে উল্লেখ করা অপর আসামিরা হলেন বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, আনোয়ার হোসেন ওরফে আনার, আরমান আলী, আব্দুল মোমিন, শাহাদত হোসেন শাহু, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন ওরফে আলাল, সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নুর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লা-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান ওরফে মনির এবং শফিকুজ্জামান ওরফে শফিক।

এর আগে গত ৩০ জুলাই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ১৮ আগস্ট ৩৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক এলাকায় স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি করে হত্যা করা হয়। একই সময়ে শাহ মখদুম কলেজের সামনে হত্যাকাণ্ডের শিকার হন আনজুম সাকিব।

এ ছাড়া সালমান ওরফে শিমুলসহ আরও অনেককে আহত করার অভিযোগ রয়েছে। শেখেরচক স্বচ্ছ টাওয়ারের সামনে, শাহ মখদুম কলেজের সামনে, পদ্মা নদীর বেড়িবাঁধ, আলুপট্টি মোড় ও আশপাশের এলাকায় সংঘটিত এসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে প্রসিকিউশন।

সারাবাংলা/টিএম/এসএস