একশ পেরুতেই তিন উইকেট হারানো বাংলাদেশ দলকে দারুণভাবে টানছিলেন সাদমান ইসলাম অনিক ও তাওহিদ হৃদয়। সাদমান এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে, আর হৃদয় হাফ সেঞ্চুরির। কিন্তু হুট করেই এলো বিপত্তি। অসুস্থতার কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাওহিদ হৃদয়কে। খানিক বাদেই আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়ে গেছে খেলা।
আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৭ রান। মাঠ ছাড়ার সময় হৃদয় অপরাজিত ছিলেন ৪২ রানে। তার জায়গায় খেলতে নেমে লিটন দাস ৭ রানে অপরাজিত। আর অপরপ্রান্তে দুর্দান্ত খেলতে থাকা সাদমান ইসলাম অনিক ৯৬ রানে অপরাজিত।
দিনের ৬৩তম ওভারে প্রথমবার ক্রাম্পের শিকার হয়েছিলেন হৃদয়। সাদমান ইসলাম ২ রান নেওয়ার সময় ক্রিজের পাশেই শুয়ে পরেন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবারও অবশ্য ক্রিজে ফেরেন।
তবে ৬৭তম ওভারে আবারও বসে পরেন হৃদয়। জশু বিশপের পঞ্চম বলে সিঙ্গেল কমপ্লিট করে বসে পরেন। পরে ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু উঠে দাঁড়াতে পারেননি হৃদয়। তাকে স্ট্রেচারে করে মাঠের বাহিরে নেওয়া হয়। তারপর সাদমানের সঙ্গে লিটনের জুটি খানিক এগুতেই আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়।