টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৩টার দিকে বগি উদ্ধার ও রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে একাধিক ট্রেন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের ব্লক পয়েন্টসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত হয়।
দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের জন্য উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। পরে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বগি উদ্ধার ও রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মহেড়া রেলওয়ের স্টেশনমাস্টার রকিবুল হাসান বলেন, ‘বর্তমানে ব্রডগেজ চালু আছে। তবে মিটার গেজ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে রয়েছে। এ দিকে ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার এলাকায় ঘণ্টাপ্রতি ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করছে।’