ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ইউনিটটির ‘পাওয়ার স্টার্ট-আপ স্টেজ সি’ (Power Start-Up Stage C) শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বায়েরা চেয়ারম্যান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডকে (এনপিসিবিএল) এ অনুমোদন দেন। অনুমোদনের পর ইউনিট-১-এ আনুষ্ঠানিকভাবে এ পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের শুক্রবারের (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টেজ সি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এ পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার কার্যক্ষমতা ও সমন্বিত পরিচালনা পরীক্ষা করা হবে।
পরীক্ষার আওতায় থাকবে রিঅ্যাক্টর, প্রাথমিক ও মাধ্যমিক ব্যবস্থা, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক ব্যবস্থা, ইন্সট্রুমেন্টেশন ও নিয়ন্ত্রণব্যবস্থা, রিঅ্যাক্টর সুরক্ষা এবং নিরাপত্তাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিস্টেম।
রিঅ্যাক্টরের ক্ষমতা পর্যায়ক্রমে বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিটি ধাপে নির্ধারিত পরীক্ষা ও মূল্যায়ন করা হবে। এ সময় টারবাইন নিয়ন্ত্রণ ও সুরক্ষাব্যবস্থা, জেনারেটর এবং সংশ্লিষ্ট বৈদ্যুতিক ব্যবস্থার কার্যক্ষমতা বিশেষভাবে পর্যবেক্ষণ ও যাচাই করা হবে।
এ পর্যায়ের অন্যতম প্রধান লক্ষ্য হলো- নির্ধারিত পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন করার পর ইউনিট-১-এর জেনারেটরকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সমন্বিত করা (সিঙ্ক্রোনাইজেশন)। এর মাধ্যমে স্থিতিশীলভাবে বিদ্যুৎ সরবরাহের দিকে এগিয়ে যাবে কেন্দ্রটি।
তবে গ্রিডের সঙ্গে সংযোগ ও বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার শর্ত, কমিশনিংয়ের প্রয়োজনীয় ধাপ এবং অনুমোদন পূরণের ভিত্তিতে পর্যায়ক্রমে সম্পন্ন হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্টেজ সি শুরুর অনুমোদন ও কার্যক্রমের সূচনা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির কমিশনিং প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি। এ কার্যক্রমের প্রতিটি পর্যায়ে পারমাণবিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।