নেত্রকোনা: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে নেত্রকোনার ৫টি নন এমপিওভুক্ত কলেজে দেখা দিয়েছে চরম বিপর্যয়। এসব প্রতিষ্ঠানে এ পরীক্ষায় এবার একজন ও পাস করতে পারেনি।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
অকৃতকার্য তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- জছৈকেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ, কলমাকান্দা উপজেলার কলমাকান্দা মহিলা কলেজ, পূর্বধলা উপজেলার খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা, এম্বিশন মডেল কলেজ এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ।
জেলা শিক্ষা অফিস কার্যালয়ের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মধ্যে গোপালপুর মডেল কলেজ থেকে একজন, কলমাকান্দা মহিলা কলেজ থেকে তিনজন, খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা থেকে চারজন, এম্বিশন মডেল কলেজ থেকে ছয়জন এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে ১৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
অপরদিকে, নেত্রকোনা জেলার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৮৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। সারা জেলায় সামগ্রিক পাসের হার ৪৩. ৯১ শতাংশ।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা বলেন, সত্যি দুঃখজনক ফলাফল। অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের নিয়ে দ্রুত আলোচনা করা হবে। শিক্ষার্থীরা কেন অকৃতকার্য হয়েছে, তার কারণ বের করতে হবে।
তিনি আরও জানান, এসব কলেজে পরবর্তী সময়ে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।