ঢাকা: দেশে প্রথমবারের মতো ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এ ব্যবস্থায় শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, কল সেন্টার ও ডিজিটাল প্ল্যাটফর্মকে একই ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ফলে গ্রাহকেরা একটি মাধ্যমে ব্যাংকিং সেবা নেওয়া শুরু করে অন্য মাধ্যমে গিয়ে তা সম্পন্ন করতে পারবেন। এতে বারবার একই তথ্য দেওয়া বা নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।
রোববার (১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ওমনিচ্যানেল ব্যাংকিংয়ের আওতায় গ্রাহকেরা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা, ঋণ কিংবা ক্রেডিট কার্ডের আবেদন শুরু করতে পারবেন। প্রয়োজনে পরে শাখা, কল সেন্টার বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। কোনো কারণে আবেদন মাঝপথে বন্ধ হয়ে গেলেও পরবর্তী সময়ে আগের অবস্থান থেকেই কাজ চালিয়ে নেওয়ার সুযোগ থাকবে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, নতুন এ ব্যবস্থায় গ্রাহকেরা পাঁচ ধরনের সুবিধা পাবেন। সেগুলো হল- পছন্দমতো মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ, নিরবচ্ছিন্ন সেবা, সময় সাশ্রয়, সার্বক্ষণিক যোগাযোগ ও সহায়তা এবং ব্যক্তিগত চাহিদাভিত্তিক অফার। গ্রাহকের প্রয়োজন, পছন্দ ও ব্যাংকের সঙ্গে পূর্ববর্তী লেনদেনের তথ্য বিশ্লেষণ করে প্রাসঙ্গিক সেবা ও অফার দেওয়া হবে।
ব্যাংকটির দাবি, প্রতিটি চ্যানেলে গ্রাহকের তথ্য ও সেবার অগ্রগতির অবস্থা দেখা যাবে। ফলে একই তথ্য বারবার দিতে হবে না। এতে গ্রাহকের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি ব্যাংকিং সেবাগ্রহণ আরও সহজ হবে।
বর্তমানে ব্র্যাক ব্যাংকের ৩১২টি শাখা ও উপশাখা, ১১০০-এর বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট, কল সেন্টার, অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে। এমনকি যারা এখনো ব্র্যাক ব্যাংকের গ্রাহক নন, তারাও নতুন অ্যাকাউন্ট খোলা, ঋণ ও ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
ওমনিচ্যানেল ব্যাংকিং ব্যবহারের জন্য গ্রাহকদের আলাদা কোনো চার্জ দিতে হবে না। তবে সংশ্লিষ্ট ব্যাংকিং পণ্য ও সেবার প্রচলিত ফি বহাল থাকবে। স্মার্টফোন না থাকলেও শাখা, এজেন্ট ব্যাংকিং বা কল সেন্টারের মাধ্যমে সেবা নেওয়া যাবে।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান বলেন, গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবার ক্ষেত্রে ওমনিচ্যানেল ব্যাংকিং বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ডিজিটাল সুবিধা ও মানবকেন্দ্রিক সেবাকে একই সূত্রে যুক্ত করেছে এ উদ্যোগ। গ্রাহকদের প্রয়োজন ও আচরণের সঙ্গে আধুনিক বৈশ্বিক ব্যাংকিংয়ের সমন্বয় করে সেবার মান, সহজলভ্যতা ও সন্তুষ্টি বাড়ানোই এর লক্ষ্য।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিফাত উল্লাহ খান বলেন, আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস ও ব্যক্তিকেন্দ্রিক সহায়তার মাধ্যমে গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করা হচ্ছে। ব্যাংকিংকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তুলতে চান তারা।
২০০১ সালে যাত্রা শুরু করা ব্র্যাক ব্যাংকের বর্তমানে ৩১২টি শাখা ও উপশাখা, ৩০৩টি এটিএম, ৮৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১১০০-এর বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে।