Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোবাইল নম্বর ছাড়াই কিউআর স্ক্যানে পাঠানো যাবে টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৬ ১৯:০০ | আপডেট: ১ নভেম্বর ২০২৬ ২১:০২

– কোলাজ প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে চালু হয়েছে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা। এখন থেকে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করেই সহজে, দ্রুত ও নিরাপদে টাকা পাঠাতে পারবেন। ১ নভেম্বর থেকে এ সেবা চালু হয়েছে।

রোববার (১ ন‌ভেম্বর) বাংলা‌দেশ ব্যাং‌কের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবার ফলে টাকা পাঠানোর সময় গ্রাহ‌কের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না। শুধু গ্রাহ‌কের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা যাবে।

বিজ্ঞাপন

এত দিন ব্যক্তি থেকে ব্যক্তির কাছে ডিজিটাল মাধ্যমে টাকা পাঠাতে সাধারণত মোবাইল নম্বর বা হিসাব নম্বর ব্যবহার করতে হতো। নতুন এ ব্যবস্থায় কিউআর কোড স্ক্যান করেই অর্থ পাঠানো সম্ভব হবে। এতে লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরভিত্তিক পিটুপি সেবা দৈনন্দিন আর্থিক লেনদেনে নগদ অর্থের ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে। পাশাপাশি ব্যক্তিপর্যায়ে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়বে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি ক্যাশলেস লেনদেনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে ডিজিটাল লেনদেনে যুক্ত হতে পারবেন এবং ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে অর্থ স্থানান্তর আরও সুবিধাজনক হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর